এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলো বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মন্ত্রিসভার ২৫ জন পূর্ণ মন্ত্রী শপথ গ্রহণ করেছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে আরও ২৪ জন সংসদ সদস্য প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন বিএনপির শীর্ষ সারির নেতারা। শপথ নেওয়া ২৫ জন মন্ত্রী হলেন: ১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ২. আমীর খসরু মাহমুদ চৌধুরী, ৩. সালাহউদ্দিন আহমদ, ৪. ইকবাল হাসান মাহমুদ, ৫. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, ৬. আবু জাফর মো. জাহিদ হোসেন, ৭. আব্দুল আউয়াল মিন্টু, ৮. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ৯. মিজানুর রহমান মিনু, ১০. নিতাই রায় চৌধুরী, ১১. খন্দকার আব্দুল মুক্তাদির, ১২. আরিফুল হক চৌধুরী, ১৩. জহির উদ্দিন স্বপন, ১৪. আফরোজা খানম রিতা, ১৫. মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ১৬. আসাদুল হাবিব দুলু, ১৭. মো. আসাদুজ্জামান, ১৮. জাকারিয়া তাহের, ১৯. দীপেন দেওয়ান, ২০. আ ন ম এহসানুল হক মিলন, ২১. সরদার মো. সাখাওয়াত হোসেন, ২২. ফকির মাহবুব আনাম, ২৩. শেখ রবিউল আলম, ২৪. মোহাম্মদ আমিন উর রশীদ এবং ২৫. খলিলুর রহমান।
বিশেষ দ্রষ্টব্য: মন্ত্রিসভায় বিশেষ চমক হিসেবে মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
তরুণ ও মাঠপর্যায়ের জনপ্রিয় নেতাদের গুরুত্ব দিয়ে ২৪ সদস্যের এক প্রতিমন্ত্রী বহর তৈরি করা হয়েছে। তারা হলেন: এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজীব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহাম্মেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকা জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীদের উল্লাস আর স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতায় ফেরায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। আজ বিকেলেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নবনিযুক্ত মন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
-লামিয়া আক্তার










