জুলাই ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপির যাত্রা শুরু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে।” তিনি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য প্রকাশ করেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে তিনি পরাজিত হয়েছেন।

সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আগে দলীয় এমপিদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। সালাহউদ্দিন দুইটি ফরম (সাদা ও নীল) হাতে তুলে ধরে বলেন, কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি এবং সংবিধানে এখনও এ বিষয়টি ধারণ করা হয়নি।

তিনি ব্যাখ্যা করেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং শপথগ্রহণের বিধান প্রণয়ন করতে হবে। সংবিধানের তৃতীয় তফসিল সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নিতে পারবেন। তিনি বলেন, “আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি এবং আশা করি সামনের দিনেও চলব।”

সালাহউদ্দিন উল্লেখ করেন, তিনি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ও তার উপস্থিতিতে দলীয় সিদ্ধান্ত এমপিদের জানিয়েছেন।

-এমইউএম