তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের জন্য রাজকীয় অভ্যর্থনার প্রস্তুতি সম্পন্ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি যানবাহন অধিদপ্তর (পরিবহন পুল)।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে ৪৭টি নতুন ও পরিপাটি গাড়ি সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের পর তাদের বাসভবনে পৌঁছে দেওয়া এবং দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য প্রাথমিকভাবে ৪৭টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি গাড়ির জন্য অভিজ্ঞ চালককেও স্ট্যান্ডবাই রাখা হয়েছে। যদিও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সদস্য সংখ্যা নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তালিকা আসেনি, তবে ৪৭ জন সদস্যের একটি সম্ভাব্য আকার মাথায় রেখেই এই প্রস্তুতি।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিশেষ নির্দেশনায় জানানো হয়েছিল যে, নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য মোট ৬৮টি গাড়িতে ‘ইলেকট্রনিক একসেস কন্ট্রোল সিস্টেম’-এর আওতায় গোলাকার বিশেষ স্টিকার লাগানো হবে। এটি মূলত সচিবালয় ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় মন্ত্রীদের গাড়ির অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করার একটি ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “সকালে সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হওয়ার পর এবং বিকেলের মূল শপথ অনুষ্ঠানের আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাদের কাছে নির্দিষ্ট চাহিদা পাঠানো হবে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী মুহূর্তের মধ্যেই গাড়িগুলো নির্দিষ্ট গন্তব্যে বা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পাঠিয়ে দেব।”
রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, তারেক রহমানের এবারের মন্ত্রিসভা হবে নবীন ও প্রবীণের সমন্বয়ে একটি কর্মঠ দল। ৪৭টি গাড়ি প্রস্তুত রাখার বিষয়টি ইঙ্গিত দেয় যে, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা ৪০ থেকে ৪৭ জনের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তবে পরিবহন পুলে ৬৮টি স্টিকারের নির্দেশনা থাকায় ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
–লামিয়া আক্তার










