এলপি গ্যাসের ভ্যাট কমল, ভোক্তার ওপর চাপ কমবে ২০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

শিল্প ও গৃহস্থালি কাজে ব্যবহৃত এলপি গ্যাসের বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এলপিজির ওপর প্রদেয় ভ্যাট কমিয়েছে সরকার। এর ফলে ভোক্তা পর্যায়ে ভ্যাটের ভার প্রায় ২০ শতাংশ কমবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন ভ্যাট কাঠামো ও প্রজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৩০ জুন পর্যন্ত এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে।

এর পরিবর্তে, এলপিজি আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

ভোক্তা পর্যায়ে সুফল
এনবিআর ব্যাখ্যা দিয়েছে যে, আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট প্রত্যাহার করায়, আমদানির পরে স্থানীয়ভাবে যে মূল্য সংযোজন হয়, তার ওপর আর কোনো ভ্যাট কার্যকর থাকবে না।

এই নতুন কাঠামোর ফলে এলপি গ্যাস কেনার ক্ষেত্রে ভোক্তাদের ওপর আগের তুলনায় প্রায় ২০ শতাংশ মূসক বা ভ্যাটের বোঝা কমবে। জনস্বার্থে নেওয়া এই পদক্ষেপ এলপিজির বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করবে বলে আশা করছে সরকার।

মোঃ আশরাফুল আলম