সামরিক মর্যাদায় জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য সামরিক মর্যাদায় পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সিলেটে তার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলীমুল আমীন জেনারেল ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

শ্রদ্ধা নিবেদন শেষে জেনারেল ওসমানীর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, অন্যান্য পদবির সেনাসদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মোঃ আশরাফুল আলম