লক্ষ্মীপুরে নদীপথে পাচারের সময় ৩০০ বস্তা সার জব্দ, জরিমানা

নদীপথ ব্যবহার করে অবৈধভাবে সার পাচারের সময় লক্ষ্মীপুরে বিএডিসির বিপুল পরিমাণ সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার মজুচৌধুরীরহাট ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ভোলা–বরিশাল–লক্ষ্মীপুর নৌরুটের মজুচৌধুরীরহাট ফেরিঘাট দিয়ে অবৈধভাবে বিএডিসির সার পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ইঞ্জিনচালিত লোহার ট্রলারে ভর্তি ৩০০ বস্তা টিএসপি ও ডিএপি সার জব্দ করা হয়। এ ঘটনায় দেলোয়ার নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, দেলোয়ার সার পাচারকারী চক্রের নিয়ন্ত্রক। ভবিষ্যতে যেন সার পাচার না হয়, সে জন্য কৃষি অধিদপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

-সাইমুন