কিশোরগঞ্জের হোসেনপুরে আসামি গ্রেপ্তার করে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৫০) নামে এক পুলিশ কনস্টেবল মৃত্যু হয়েছে । এ ঘটনায় আরো আহত হয়েছেন তিন পুলিশ সদস্যসহ পাঁচজন।
রোববার (১৫ ফ্রেব্রুয়ারি) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলামের মৃত্যু হয়। নিহত পুলিশ কনস্টেবলের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালগঞ্জ থানার শিমলা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে গোবিন্দপুর ইউনিয়নের পদোরগাতি এলাকায় পুলিশের বহনকারী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কনস্টেবল নজরুল ইসলামসহ ছয়জন আহত হন।
পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় কনস্টেবল নজরুল ইসলামকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর
করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়। এছাড়া সিএনজি অটোরিকশার চালক, গ্রেফতার হওয়া আসামিসহ আরো তিনজন পুলিশ সদস্য আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর নিহতের লাশ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
মোঃশামছুল হক
হোসেনপুর কিশোরগঞ্জ










