ভালোবাসা দিবসকে ঘিরে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় নাট্য পরিচালক দীপু হাজরা। গতকাল ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসের দিনই তিনি বিয়ের পিড়িতে বসেন। পারিবারিক আয়োজনে ঢাকার একটি রেস্টুরেন্টে ছোট পরিসরে সম্পন্ন হয় এই বিয়ে। কনে সাথী আক্তার, যিনি ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্রী।
জানা গেছে, পারিবারিকভাবে বিয়েটি হলেও তাদের ভালোবাসার শুরু প্রায় তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে। সেখান থেকেই ধীরে ধীরে পরিচয়, বন্ধুত্ব এবং পরে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সেই বোঝাপড়া থেকেই তারা সিদ্ধান্ত নেন, যদি কখনও বিয়ে করেন, তবে ভালোবাসা দিবসের দিনটিকেই বেছে নেবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী গতকাল দুপুরেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নববধু সম্পর্কে দীপু হাজরা বলেন, “আমাদের বোঝাপড়া খুব ভালো। সাথী খুবই কেয়ারিং। আমি মনে করি, স্বামী-স্ত্রীর সম্পর্কে যদি একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতা না থাকে, তাহলে সেই সম্পর্ক দীর্ঘদিন টেকে না। আমরা চেষ্টা করব একে অপরকে বুঝে চলতে এবং ভালোভাবে জীবনটা কাটাতে।”
তবে আনন্দের মাঝেও কিছুটা আক্ষেপ রয়েছে দীপুর কণ্ঠে। তিনি জানান, বর্তমান সময়ের পরিস্থিতি ও ভালোবাসা দিবসের ব্যস্ততা বিবেচনায় বড় করে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে সময় ও সুযোগ বুঝে বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের নিয়ে একটি বড় আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
নতুন জীবনের শুরুতে এই দম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন তাদের পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীরা।
-বিথী রানী মণ্ডল










