ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনে সদ্য বিজয়ী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, “এই বিজয় কোনো ব্যক্তির নয়, বরং দল ও অঙ্গসংগঠনের প্রতিটি নেতা-কর্মীর সম্মিলিত ত্যাগের ফসল। আমাদের লক্ষ্য এখন একটাই, সব ভেদাভেদ ভুলে একটি সম্প্রীতির রাঙ্গামাটি গড়ে তোলা।”
শুক্রবার সকালে রাঙ্গামাটি জেলা বিএনপি কার্যালয়ে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হওয়ার পর এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিজয় পরবর্তী করণীয় সম্পর্কে নেতা-কর্মীদের কড়া নির্দেশনা দিয়ে দীপেন দেওয়ান বলেন: গত ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি বলেন, “যারা বছরের পর বছর হামলা ও মামলার শিকার হয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে দলের যে সব পরিবার আজ নিঃস্ব হয়ে পড়েছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই মুহূর্তে বিজয় মিছিল বা উৎসবে মেতে না থেকে মানুষের সেবায় আত্মনিয়োগ করাই হবে দলের প্রধান কাজ।”
অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে তিনি রাঙ্গামাটির স্থায়ী শান্তি ও উন্নয়নের জন্য সকল ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
দর্শন চাকমা, রাঙ্গামাটি










