চট্টগ্রামে সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট, চান্দগাঁও ও ডবলমুরিং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল আনা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই রদবদলের মাধ্যমে সদরঘাট ও ডবলমুরিং থানায় নতুন মুখ দায়িত্ব পেয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, সদরঘাট থানার ওসি মুহাম্মদ আরিফুর রহমান, চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন এবং ডবলমুরিং থানার ওসি জামির হোসেন জিয়াকে সিএমপির লাইনওয়ারে বদলি করা হয়েছে।

একই আদেশে তিনটি থানায় নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। বায়েজিদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকীকে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন সিএমপির পুলিশ প্রসিকিউশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নুর হোসেন মামুন।

অন্যদিকে, পাহাড়তলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন কে খাঁনকে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সিএমপি সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, থানাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এবং জনসেবার মান উন্নয়নের লক্ষ্যে এ রদবদল করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ থানায় যোগদানের মাধ্যমে দায়িত্ব পালন শুরু করবেন।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ শিগগিরই কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সিএমপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন ওসিদের নেতৃত্বে সদরঘাট, চান্দগাঁও ও ডবলমুরিং থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকর ও গতিশীল হবে।

সাবরিনা রিমি/