ঢাকা-৬: পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে মাঠে ইশরাক হোসেন

ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনে বিজয় কোনো ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি জনগণের দেওয়া একটি পবিত্র দায়িত্ব। জনগণের আস্থা রক্ষা করে তাদের সেবা করাই এখন তার প্রধান লক্ষ্য।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়ারীতে ঢাকা-৬ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক বিশেষ দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইশরাক হোসেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দলের নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি, সন্ত্রাস বা কোনো অবৈধ কাজ করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে আমি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করব।” তিনি এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার মাধ্যমে একটি নিরাপদ পরিবেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সামনে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ইশরাক বলেন, “বাজারে যাতে কোনো সিন্ডিকেট তৈরি না হয় এবং শ্রমজীবী ও সীমিত আয়ের মানুষের ওপর চাপ না পড়ে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। দীর্ঘদিন বিনিয়োগ না থাকায় দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে, যা কাটিয়ে ওঠাই এখন বড় চ্যালেঞ্জ।”

নির্বাচনী প্রচারণায় পাওয়া অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “ঢাকা-৬ আসনের মানুষের প্রধান নাগরিক সমস্যা হলো তীব্র গ্যাস সংকট। সরকার গঠনের প্রক্রিয়া শেষ হলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে দ্রুত এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।” এছাড়া নিয়মিত মহল্লা পরিদর্শন করে রাস্তাঘাট ও পরিবেশগত সমস্যা সরেজমিনে দেখার প্রতিশ্রুতি দেন তিনি।

ঢাকার দক্ষিণাঞ্চলে ভোটার উপস্থিতির হার প্রত্যাশার চেয়ে কম হওয়ায় কিছুটা অসন্তোষ প্রকাশ করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। তিনি বলেন, কেন ভোটার উপস্থিতি কম হলো তা কেন্দ্রভিত্তিক তথ্য পর্যালোচনা করে দেখা হবে। এর ভিত্তিতে দলকে ভবিষ্যতে আরও সুসংগঠিত করা হবে।

সবশেষে তিনি দলমত নির্বিশেষে সবার জনপ্রতিনিধি হওয়ার অঙ্গীকার করে বলেন, “যারা আমাকে ভোট দিয়েছেন বা দেননি, সবাই আমার কাছে সমান। একজন জনপ্রতিনিধির দায়িত্ব হলো এলাকার সব নাগরিকের সেবা করা।” তিনি জনগণের আস্থার প্রতিদান দিতে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হামিদুর রহমানসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

-লামিয়া আক্তার