জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দায়িত্ব ছাড়ার বা ‘সেফ এক্সিট’ নেওয়ার আগে তাদের সম্পদের হিসাব বিবরণী জনসমক্ষে প্রকাশ করতে হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীতে বিএনপির তথাকথিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা এখন সেফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন। দেশবাসী ও উপদেষ্টাদের প্রতি আমাদের আহ্বান-যাওয়ার আগে আপনাদের সম্পদের হিসাব দিন। গত কয়েক মাসে আপনারা জনগণের জন্য কী কাজ করেছেন, তার একটি সালতামামি বা কাজের খতিয়ান প্রকাশ করুন।” তিনি উল্লেখ করেন যে, জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না করে কাউকেই চলে যেতে দেওয়া হবে না।
ঢাকা-৮ আসনের এই সাবেক প্রার্থী সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন যে, নির্বাচনে ব্যাপক ‘ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির মাধ্যমে তাকে হারানো হয়েছে। তিনি বলেন, “আমি আগেই বলেছিলাম এটি তারেক রহমানের ইঞ্জিনিয়ারিং। এতে প্রশাসন ও এস্টাবলিশমেন্টের একটি বড় অংশ জড়িত ছিল। এর মাধ্যমে জনগণের ওপর একটি জুলুমতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে।”
বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করে পাটওয়ারী বলেন, “ড. ইউনূস, আপনি যেই ধরণের ইঞ্জিনিয়ারিংয়ে সহযোগিতা করেছেন, বাংলাদেশ তা ইতিহাসে মনে রাখবে। আপনি যখন লন্ডনে গিয়েছিলেন, তখন আমরা বলেছিলাম আপনি সেখানে ‘সেজদা’ দিয়েছেন। আজ তার ফলস্বরূপ আমরা দেখছি প্রশাসনকে কাজে লাগিয়ে একটি জালেম পক্ষকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে।”
বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি নেতা দাবি করেন, বর্তমানে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস পুনরায় উদ্বোধন করা হচ্ছে। তিনি আরও বলেন, “আমাদের মা-বোনদের ওপর আক্রমণ হচ্ছে। এই অরাজক পরিস্থিতির জন্য ড. ইউনূস ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবেন। আমরা কাউকেই ক্ষমা করার পক্ষপাতী নই।”
বিক্ষোভ মিছিলে জাতীয় নাগরিক পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং তারা রাজধানীর বিভিন্ন সড়কে বিএনপির বিরুদ্ধে স্লোগান দেন।
-লামিয়া আক্তার










