ভোলায় চরফ্যাশন উপজেলার এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর এলাকায় আ. রহিম ভুট্টু (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, আজ শনিবার রাত ১০টার দিকে রসুলপুর ইউনিয়নের কলেরহাট রাস্তার মাথা এলাকায় দুর্বৃত্তরা ভুট্টোকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক বেচাকেনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

-সাইমুন