ভালোবাসার বাগানে মিম-সনি যেন এক জোড়া টিয়ে

পেশাগত ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত জীবন জমিয়ে উদযাপন করেন বিদ্যা সিনহা মিম। সামাজিক মাধ্যমে ভাগ করে নেন স্বামী সনি পোদ্দারের সঙ্গে ভালোবাসাময় মুহূর্ত। আজ ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবস উদযাপনের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি।

ভালোবাসা দিবসে মিম সেজেছেন টিয়া রংয়ের শাড়িতে। স্ত্রীর সঙ্গে মিলিয়ে সনি গায় চাপিয়েছেন একই রংয়ের পোলো শার্ট। মনে হচ্ছে, ভালোবাসার কুঞ্জে মিম-সনি যেন এক জোড়া টিয়ে। আজ যেন দুজনের সময় কাটছে ভালোবাসার বাগানে ওড়াওড়ি করে! দুটি মন মিশে একাকার।

কখনও দোলনায় দোল খাচ্ছেন। একে অন্যের দিকে তাকিয়ে মনে মনে যেন আওড়াচ্ছেন— মোরা আর জনমে হংস মিথুন ছিলাম। চোখে চোখ, হাতে হাত, মুখে হাসি। এ যেন রবি ঠাকুরের ‘ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি’ গানের দৃশ্যচিত্র।

ছবিগুলোর ক্যাপশনে মিম লিখেছেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইন ডে’। যা মন ভরিয়েছে নায়িকার অনুরাগীদের। মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানিয়েছেন তারা। ২০২২ সালে বিয়ে করেন মিম ও সনি পোদ্দার। ভালোবাসা আজও আগের মতো রঙিন তাদের।

মাহমুদ সালেহীন খান