চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-এর শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার জ্বর নেই এবং শ্বাসকষ্টও অনেকটাই কমে এসেছে। গত দুই দিনে তার অবস্থা দৃশ্যমানভাবে উন্নত হয়েছে।
রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, “ভাই এখন অনেকটাই সুস্থবোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা চলছেই।”
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তাকে স্কয়ার হাসপাতালে দেখতে যান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালীর সেনবাগ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জের লৌহজং আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি ও দোহার-নবাবগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাকও তাকে দেখতে হাসপাতালে যান।
-এমইউএম










