চার যুগ পর স্বপ্নজয়; প্রথমবারের মত গাজীপুর-৩ বিএনপির দখলে

দীর্ঘ প্রায় চারযুগের দীর্ঘ প্রতীক্ষা আর রাজনৈতিক লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে গাজীপুর-৩ (শ্রীপুর-গাজীপুর সদরের আংশিক) আসনে বিজয়ের স্বাদ পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। স্বাধীনতার পর থেকে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহন করলেও এই প্রথম আসনটি আনুষ্ঠানিকভাবে বিএনপির দখলে এলো এবারই।

জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার একাংশ) আসনে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ  রফিকুল ইসলাম বাচ্চু। বিএনপি’র জন্মলগ্ন থেকে আসনটিতে এই প্রথম শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের বাসিন্দা ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয়ী হলেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট।

আসনটিতে স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৪০ ভোট। এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলমগীর হোসেন হাতপাখা প্রতীকে ৫ হাজার ৯৮৩ ভোট পেয়েছেন,ইসলামী ঐক্যজোটের মুফতি শামীম আহমেদ মিনার প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৯৫ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী নাজিম উদ্দীন পেয়েছেন ১ হাজার ৯৫৫ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আশিকুল ইসলাম পিয়াল মই মার্কায় পেয়েছেন ৪৮০ ভোট।
গতরাতে নির্বাচন কমিশন রফিকুল ইসলাম বাচ্চুর নির্বাচিত হওয়ার বিষয়ে গেজেট প্রকাশ করেছে৷

গাজীপুর-৩ আসনটি ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। বিগত কয়েক দশকে এখানে বিএনপির ভাগ্য সুপ্রসন্ন হয়নি মোটেও৷ এবারের নির্বাচনে আওয়ামী লীগ মাঠে না থাকার সুযোগে সাংগঠনিক শক্তি এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই অসাধ্য সাধনে মূল ভূমিকা পালন করেছে।

 

-মাহমুদুল হাসান,শ্রীপুর,গাজীপুর