নারায়ণগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে অনেকেই নতুন ইতিহাসের অংশ হয়েছেন, এবং কিছু প্রার্থী প্রথমবারের মতো সংসদ সদস্য হওয়ার স্বাদ পেয়েছেন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)
বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু) ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। ভোটের হার এই আসনে ছিল ৬৩.৯৬ শতাংশ। মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং এবারই প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার)
বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৪ হাজার ২৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ইলিয়াস মোল্লা পেয়েছেন ৮১ হাজার ৫৪ ভোট। ভোটের হার ছিল ৬৫ শতাংশ। নজরুল ইসলাম আজাদ বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক। এও তাঁর প্রথমবারের সংসদ জয়।
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ)
বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম (মান্নান) ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর ইকবাল হোসাইন ভুঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট। ভোটের হার ছিল ৫৭.৪১ শতাংশ। আজহারুল ইসলাম মান্নান বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নারায়ণগঞ্জ-৪ (নারায়ণগঞ্জ সদর)
১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আবদুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন শরিক দলের মনির হোসেন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট। আবদুল্লাহ আল আমিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব এবং এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জের অন্য প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ এবং তরুণ বয়সে গুরুত্বপূর্ণ সাফল্য দেখিয়েছেন।
-এমইউএম










