বুড়াগৌরাঙ্গ নদে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাসান (৩০) নামের এক যুবকের মরদেহ বুড়াগৌরাঙ্গ নদ থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নদীর গ্যাস ফিল্ড এলাকা থেকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহত হাসান উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের নুরু হাওলাদারের ছেলে। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিয়ের জন্য মেয়ে দেখতে চরকাজল এলাকায় যান তিনি। বিকেলে বাড়ি ফেরার পথে লঞ্চঘাট পল্টুনে পা ধোয়ার জন্য বালতি দিয়ে পানি তুলতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যান।

ঘটনার পর স্থানীয় জনতা, আত্মীয়-স্বজন ও বিভিন্ন সংস্থার সদস্যরা কয়েকদিন ধরে খোঁজাখুঁজি চালালেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার বিকেলে নদীতে ভেসে ওঠা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

চরকাজল ফাঁড়ি পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-বেলাল