মামলা জটিলতায় তিন আসনের ফল ঘোষণা স্থগিত

আদালতে দায়ের করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনটি আসনের ফলাফল ঘোষণা করবে না নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত জারি করা পৃথক তিনটি চিঠি থেকে এ তথ্য জানা যায়।

ইসি জানায়, আদালতে মামলা বিচারাধীন থাকায় শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত ঘোষণা করা হবে না। মামলা নিষ্পত্তি হলে আসনগুলোর ফলাফল প্রকাশ করা হবে বলেও জানায় নির্বাচনের দায়িত্বে থাকা সাংবিধানিক সংস্থাটি।

চট্টগ্রাম-৪ আসনের জন্য জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪১/২০২৬ (মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ হতে উদ্বৃত) এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে নির্বাচনি এলাকা ২৮১ চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন। তবে উক্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনি ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় ফলাফল স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম-২ আসনের ক্ষেত্রে জারি করা চিঠিতে ইসি জানায়, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪০/২০২৬ (মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ হতে উদ্বৃত) এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে নির্বাচনি এলাকা ২৭৯ চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেরপুর-২ আসনের জন্য জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪২/২০২৬ (মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৮৬/২০২৬ হতে উদ্বৃত) এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে নির্বাচনি এলাকা ১৪৪ শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে মামলার চূড়ান্ত আদেশের ওপর তার নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ভরশীল হবে বলে সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

_এজাজ আহম্মেদ/মামুন