শিক্ষা খাতে শুধু হাই জাম্প দিলেই হবে না, দিতে হবে পোল ভল্ট জাম্প

ছবিঃ সংগৃহীত

নতুন সরকারের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘শিক্ষা খাতে শুধু ‘হাই জাম্প’ দিলেই হবে না, দিতে হবে ‘পোল ভল্ট জাম্প’।’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে দৌড়ে গিয়ে রাস্তার ছোট একটি প্রতিবন্ধক লাফিয়ে পার হওয়ার প্রসঙ্গ তুলে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

শিক্ষাক্রম পরিবর্তন নয়, রিভিউ করা হবে জানিয়ে এহছানুল হক মিলন বলেন, ‘দেখুন, ২০০১ সালে দায়িত্ব পাওয়ার পরে নকল প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। সেগুলো তো চলেই গিয়েছে, সেগুলো আর পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না। আর জাম্প বলতে যেটা বুঝছেন- হ্যাঁ, আমাদের এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে। এটি আমি বিশ্বাস করি।’

নতুন সরকার এমপিও শিক্ষকদের বেতন বাড়াবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমরাও জানি, আপনারাও জানেন যে, শিক্ষকদের বেতনের কী অবস্থা! আমরা পথচলা শুরু করলাম। সামনে এ নিয়ে কাজ করবো। আশা করি, ভালো কিছু করতে পারবো।’ বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য ও শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং দুর্নীতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আর পেছনে ফিরতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই। আগে কী হয়েছে, কারা কী দুর্নীতি করেছেন, সেগুলোতে নজর দিয়ে পড়ে থাকতে চাই না।

এখন আমরা কাজ করব। সেই কাজের জবাবদিহিতা আমরা করব। আমি এবং আমাদের প্রতিমন্ত্রী আপনাদের কাঠগড়ায় দাঁড়াব।’ শিক্ষাখাতের বড় চ্যালেঞ্জ বিষয়ে তিনি বলেন, ‘কর্মসংস্থান উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ কাজটা শিক্ষাখাত থেকে করতে হবে।’

-বেলাল