ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্ধারণ হয়ে গেলেও তিনটি আসনের ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪।

মূলত এসব আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলোর ফলাফল ঘোষণা স্থগিত থাকবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইসির এ সংক্রান্ত তিনটি আলাদা চিঠি জারি করা হয়েছে।

চট্টগ্রাম-৪ (আসলাম চৌধুরী) 

জন্য ইসির জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬ (হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ থেকে উদ্বৃত) এর গত ৩ ফেব্রুয়ারির আদেশের আলোকে নির্বাচনি এলাকা ২৮১, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন। তবে মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় কমিশন ফলাফল স্থগিতের সিদ্ধান্ত দিয়েছে।

চট্টগ্রাম-২ (সরোয়ার আলমগীর) 

একইভাবে চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের বিষয়ে জানানো হয়েছে, আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪০/২০২৬ (রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ থেকে উদ্বৃত) এর গত ৩ ফেব্রুয়ারির আদেশের পরিপ্রেক্ষিতে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনি ফলাফল প্রকাশ স্থগিত থাকবে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

শেরপুর-২ (মোহাম্মদ ফাহিম চৌধুরী) 

এদিকে শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর বিষয়ে জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪২/২০২৬ (রিট পিটিশন নং ১১৮৬/২০২৬ থেকে উদ্বৃত) এর গত ৩ ফেব্রুয়ারির আদেশের আলোকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে ওই মামলার চূড়ান্ত আদেশের ওপরই মোহাম্মদ ফাহিম চৌধুরীর নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ভরশীল হবে মর্মে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।