ফল পাল্টানোর অভিযোগ তুলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে নাসীরউদ্দিন পাটওয়ারী

ঢাকা-৮ আসনের ৬টি কেন্দ্রের ফলাফল পাল্টে‌ দেওয়ার অভিযোগ তুলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গেছেন এনসপির প্রার্থী নাসীরউদ্দিন পাটওয়ারী।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করতে তার কক্ষে প্রবেশ করেন।

নাসীরউদ্দিন পাটওয়ারীর সঙ্গে থাকা তার প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ খান সমকালকে বলেন, সিদ্বেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস কলেজে এসব অনিয়ম করা হচ্ছে। তিনি বলেন, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ফলাফল গণনায় নিজে উপস্থিত থেকে প্রভাব বিস্তার করছেন।

শাহিন আহমেদ খান বলেন, ‘মির্জা আব্বাস কলেজে ১৫ ভোট বেশি পাওয়ার পরও আবার ভোট গণনার জন্য এজেন্টদের আটকে রাখা হয়েছে। কেন্দ্রগুলোতে তিনবার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এই কেন্দ্রগুলোর খবর আমরা পেয়েছি, আরও কয়েকটি কেন্দ্রেও এজেন্টদের আটকে রাখার খবর পাচ্ছি। এই কেন্দ্রগুলোতে আমরা এগিয়ে থাকার পরেও ফলাফল ঘোষণা করছে না। এগুলোর অভিযোগ দিতেই এসেছেন তিনি (পাটওয়ারী)।’

রাত ৯টার দিকেও রিটার্নিং অফিসারের কার্যালয়ে বসেছিলেন জামায়াত নেতৃত্বাধীন জোটের এ প্রার্থী।

-বেলাল