হাজীগঞ্জ উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে ৫ জনকে কারাদণ্ড

চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক স্থানে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব দণ্ডাদেশ প্রদান করেন।

জানা গেছে, চাঁদপুর-১ (কচুয়া) আসনের তেগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে ব্যালট পেপার চাইলে মো. ছফিউল্লাহর ছেলে মো. হেলালকে দুই বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশ প্রদান করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান। একই ঘটনায় ওই কেন্দ্রের এক শিশু জড়িত থাকায় তাকে কচুয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে শাহরাস্তিতে জাল ভোট দেওয়ার চেষ্টা ও প্রদানের ঘটনায় পিতা-পুত্রসহ তিনজনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৃথক ঘটনায় এসব দণ্ডাদেশ দেওয়া হয়।

বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ইয়াকুব আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৫৯) ও তার ছেলে মো. সাফায়েত হোসেনকে (২৭) আটক করেন প্রিজাইডিং অফিসার। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরিন বানু সাফায়েত হোসেনকে এক মাস এবং সাইফুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

এছাড়া খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে একই গ্রামের আবু সৈয়দের ছেলে মো. সজিবকে এক মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, জাল ভোট দেওয়ার ঘটনায় তিনজনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

অপরদিকে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এসে মো. নাহিদ (২৫) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ হিমাদ্রী খীসা। নাহিদ মোহাম্মদপুর গ্রামের সর্দার বাড়ির কামাল হোসেনের ছেলে।

-সাইমুন