পোস্টাল ভোটে অংশগ্রহণ ৮০.১১ শতাংশ, বৈধ ভোট ১০ লাখ ৭৩ হাজারের বেশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণে উল্লেখযোগ্য সাড়া মিলেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালটে মোট ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন ভোট প্রদান করেছেন, যা নিবন্ধিত ভোটারের ৮০ দশমিক ১১ শতাংশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১১ লাখ ৬৫ হাজার ৫৯২টি পোস্টাল ব্যালট, যা মোট প্রদত্ত ভোটের ৭৬ দশমিক ২৮ শতাংশ। এসব ব্যালট যাচাই-বাছাই শেষে বৈধ ভোট পাওয়া গেছে ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি, যা মোট প্রদত্ত ভোটের ৭০ দশমিক ২৫ শতাংশ।

নির্বাচন কমিশন জানায়, প্রবাসী ও দেশের অভ্যন্তরে অবস্থানরত মিলিয়ে মোট ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছিলেন। সে তুলনায় ভোট প্রদান ও ব্যালট জমা দেওয়ার হার সন্তোষজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইসি কর্মকর্তারা বলেন, পোস্টাল ভোটের মাধ্যমে প্রবাসী ও দায়িত্বপালনরত ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতিবাচক ফল দিয়েছে। ভবিষ্যতে এই ব্যবস্থাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তারা।

_এজাজ আহম্মেদ/মামুন