ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যানবাহন প্রায় বন্ধ ছিল। কিন্তু তাকে পাত্তাই দেননি দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ এক পোস্টম্যান। কোনো ধরনের যানবাহন না থাকায় কখনো রিকশায় চেপে কখনো বা হেঁটে ৫৭ কিলোমিটার পাড়ি দিয়ে শেষ মুহূর্তে পোস্টাল ব্যালট পৌঁছে দিয়েছেন তিনি। সীমান্তবর্তী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটের সময় শেষ হওয়ার ৩ মিনিট আগে ওই পোস্ট ম্যান ডাকঘরে পৌঁছান। তারপর জেলা প্রশাসকের কার্যালয়ে পোস্টম্যানের বহন করে আনা ব্যাগটি পোঁছে দেন পোস্টমাস্টার সুদীপ ঘোষ। নির্বাচন কমিশন বলছে, হালুয়াঘাট ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা; এখানে ময়মনসিংহ রিটার্নিং অফিসার নামীয় তিনটি হলুদ খাম ছিল।
তিনি বলেন, ‘বেচারা পোস্টম্যান কোনো যানবাহন না পেয়ে হেঁটে ও রিকশায় প্রায় ৫৭ কিলোমিটার পাড়ি দিয়ে ঠিক ৪টা ২৭ মিনিটে ময়মনসিংহ পোস্ট অফিসে আসেন। পোস্টম্যানের সেই ব্যাগসহ কোনোরকম কাল বিলম্ব না করে পোস্টমাস্টার সুদীপ ঘোষ ডিসির অফিসে চলে যান। তখন ঘড়ির কাটায় ঠিক বিকেল ৪টা ৩০ মিনিট।’ সালীম আহমাদ খান বলেন, ‘এনডিসির সামনে ব্যাগটা কাটা হয় এবং ভোট গণনা করা হয়। ডাক বিভাগ সর্বশেষ পরীক্ষায়ও সফল। উল্লেখযোগ্য যে, আমাদের গাড়িগুলো অন্য লাইনে নিরবচ্ছিন্ন ডিউটি করছিল।’
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশে ও দেশের বাইরে থেকে আসা ১১ লাখ ৩৩ হাজার ৮৪৫ জনের পোস্টাল ভোট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে। প্রবাসীদের জন্য ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়; এরমধ্যে ভোট দিয়ে দেশে ফেরত এসেছে ৪ লাখ ৯৮ হাজার ৫২৬৬ জন। আর রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি। এদিকে দেশের ভেতরে বিভিন্ন স্থানে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জনের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ভোট দিতে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন ৬ লাখ ৪৮ হাজার ২৯৪ জন।
এ নির্বাচনে দেশে ও দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন ১৫ লাখ ৩৩ হাজার ভোটার। দেশের ভেতরে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কয়েদীদের এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দেয় ইসি। এদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। এখন চলছে ভোট গণনা।
-বেলাল










