আজ ১২ ফেব্রুয়ারি ২০২৬, বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হলো। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে এবং বর্তমানে দেশজুড়ে চলছে ভোট গণনার কাজ।
দেশের ২৯৯টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে ভোট গণনার আনুষ্ঠানিক প্রক্রিয়া।
আজকের এই নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে তরুণ ও প্রথমবার ভোট দেওয়া ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে শ্রীপুরের বিভিন্ন কেন্দ্রে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুরের মধ্যেই সারা দেশে ভোট পড়ার গড় হার প্রায় ৩২ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল।
গাজীপুর-৩ আসনের দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অধিকাংশ স্থানে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ছিল। মোতায়েন ছিল সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল সদস্য বহর। বিদেশি পর্যবেক্ষক ও কমনওয়েলথ টিমের সদস্যরা বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতায় সন্তোষ প্রকাশ করেন।
গাজীপুর-৩ আসনের শ্রীপুর উপজেলার বেলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ভুয়া সেনাসদস্য পরিচয় দিয়ে ভোটারদেরকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার অপরাধে একজন আসামিকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩(২খ) এর অধীন ২ বছর সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জুডিশিয়াল মেজিস্ট্রেট জুবায়ের রশিদ এই দন্ড প্রদান করেন।
উল্লেখ্য যে, আজ সংসদ নির্বাচনের পাশাপাশি একটি সাংবিধানিক গণভোটও (জুলাই সনদের ওপর ভিত্তি করে) অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা সাদা ব্যালটে সংসদ সদস্য নির্বাচনে এবং গোলাপি ব্যালটে গণভোটের পক্ষে-বিপক্ষে রায় দিয়েছেন।
বর্তমানে প্রতিটি কেন্দ্রের ভোটগ্রহন কর্মকর্তারা ব্যালট গণনা করছেন। প্রাথমিক ফলাফলগুলো উপজেলা ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হয়ে নির্বাচন কমিশনে পৌঁছাতে শুরু করবে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, আজ মধ্যরাতের পর থেকেই বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল পাওয়া যাবে এবং চূড়ান্ত ফলাফল আগামীকাল ১৩ ফেব্রুয়ারি পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পুরো দেশ এখন গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত নির্বাচন ভবনের ডিজিটাল রেজাল্ট বোর্ডের দিকে। কার হাতে যাচ্ছে পরবর্তী পাঁচ বছরের শাসনভার, তা জানতে আরও কয়েক ঘণ্টার অপেক্ষা।
-মাহমুদুল হাসান,শ্রীপুর,গাজীপুর










