আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ প্রদান করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, শেরপুর জেলার তিনটি আসনে মোট ১৪ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
শেরপুর-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির মো. মাহমুদুল হক মনি, জামায়াতে ইসলামীর মো. রাশেদুল ইসলাম রাশেদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মো. লিখন মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ এবং বিএনপির সানসিলা জেবরিন।
শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে প্রার্থীরা হলেন বিএনপির মোহাম্মদ ফাহিম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল্লাহ আল কায়েস, জামায়াতে ইসলামীর মো. গোলাম কিবরিয়া এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মো. আব্দুল্লাহ।
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুজ্জামান বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম বাদশা।
প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে শেরপুরের তিনটি আসনেই নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো। এরই মধ্যে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ বাড়তে শুরু করেছে। প্রার্থীরাও নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন। সংশ্লিষ্ট মহল শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে।
-মাকসুদুর রহমান, শেরপুর










