ভোট দিতে এসে অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হলেন রংপুরের পীরগাছা উপজেলার এক নারী ভোটার। বুথে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর ভোট ইতোমধ্যে দেওয়া হয়ে গেছে। এ কথা শুনেই কেন্দ্রের ভেতর কান্নায় ভেঙে পড়েন নুরজাহান বেগম।
দুপুর ১২টার দিকে তেয়ানি মনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুথ থেকে বেরিয়ে এসে কান্নাজড়িত কণ্ঠে নুরজাহান বলেন, তিনি বরাবরই ভোট দিয়ে আসছেন, কিন্তু এবার এসে শুনতে হলো তাঁর ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে।
ঘটনার পর কেন্দ্রের ভেতর ও বাইরে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। কয়েকজন স্থানীয় বাসিন্দার অভিযোগ, সকাল থেকেই কেন্দ্রটিতে কিছু ভোটার এসে একই ধরনের অভিযোগ করছেন।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, কয়েকজন ভোটার কেন্দ্রে এসে জানতে পেরেছেন তাদের ভোট আগেই দেওয়া হয়েছে এটি উদ্বেগজনক। আরেক নারী ভোটার বলেন, ভোট দিতে এসে যদি শুনতে হয় ভোট হয়ে গেছে, তবে তা নাগরিক অধিকার ক্ষুণ্ন হওয়ার শামিল।
এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মনছুর হোসেন বলেন, পোলিং এজেন্টদের অসতর্কতার কারণে এমনটি ঘটতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং যেন পুনরাবৃত্তি না হয় সে চেষ্টা করা হচ্ছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর কিছু সময়ের জন্য কেন্দ্র এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
-সাবরিনা রিমি










