বগুড়ার শেরপুরে ভোটের হাওয়া, দীর্ঘ লাইনে ভোটাররা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বগুড়ার শেরপুর উপজেলায় সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। কেউ কেউ ফজরের নামাজ আদায় করে কেন্দ্রে এসে লাইনে দাঁড়াতে দেখা গেছে।

শেরপুর উপজেলার ধনকুন্ডি শাহনাজ সিরাজ হাই স্কুল কেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে ভোট প্রদান করেন বগুড়া-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। এ সময় তার স্ত্রী, পুত্রসহ পরিবারের অন্যান্য সদস্যরাও ভোট দেন।

ভোট প্রদান শেষে জিএম সিরাজ বলেন, “১৭ বছর পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে। সকাল থেকেই ভোট কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি। ভোট দিতে পারার অনুভূতি ভাষায় প্রকাশের মতো নয়। আশা করি শেরপুর-ধুনটের মানুষ বিপুল ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে জয়যুক্ত করবে। পাশাপাশি সারাদেশে বিএনপির বিজয় হবে ইনশাল্লাহ।”

অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোঃ দবিবুর রহমান শুভগাছা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন। পরে তিনি বলেন, “আমাদের দলের কেন্দ্র থেকে বক্তব্য দেওয়া নিষেধ করা আছে, তাই আমি কোনো প্রতিক্রিয়া দিতে পারছি না।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মীর মাহমুদুর রহমান চুন্নু বলেন, “ভোট আলহামদুলিল্লাহ ভালো পরিবেশে হচ্ছে। কোথাও কোনো খারাপ খবর পাইনি। সত্যের জয় হবে ইনশাল্লাহ।”

শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন, “উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। দুপুর ১২টা পর্যন্ত ৪৯.৫ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।”

-শফিকুল ইসলাম বাবলু,শেরপুর(বগুড়া)