ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের ‘রাজত্ব খানখান’ করে দেব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের ‘রাজত্ব খানখান’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে তাদের ওপর আঘাত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ঢাকার রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে বের হওয়ার পথে তাদের ওপর হামলা হয় এবং সেনাবাহিনীর সামনেই তার মাথায় আঘাত করা হয়।

তিনি আরও বলেন, এই ঘটনার পর সেনাবাহিনীর কাছে অভিযোগ জানালে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠায়।

পাটওয়ারী জানান, ঢাকা-৮ আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে দুইটি কেন্দ্র উল্লেখ করেছেন রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র। তার দাবি, এই দুই কেন্দ্রে ভোট ডাকাতির “মহোৎসব” চলছে এবং তাদের ভোট বানচাল করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, “মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন, আমি আপনাকে বলবো, খেলায় থাকুন না। ভোট বানচাল করবেন না। অনেক মানুষ গণতন্ত্র রক্ষার জন্য জীবন দিয়েছে।”

এসময় নাসীরুদ্দীন হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ওপর আঘাত করলে সাধারণত তারা পাল্টা আঘাত করার ইচ্ছা রাখেন না। তবে তাদেরকে মারতে আসলে এবার উল্টো পক্ষকেও মার খেতে হবে।

তিনি বলেন, “এখন সময় প্রতিরোধের। যদি ঢাকা-৮-এ ভোট ডাকাতি হয়, তাহলে মির্জা আব্বাসের যে রাজত্ব আছে, আল্লাহর কসম করে বলছি, সেই রাজত্ব আমরা খানখান করে দেব। তছনছ করে দেব। (নির্বাচনে জয়ী) হই বা না হই, বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করে দেব।”

-এমইউএম