জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন বলেছেন, প্রশাসন নির্বাচন কার্যক্রমে দুর্বলভাবে কাজ করছে। এ অবস্থায় ভোটের ফলাফল ও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা তৈরি হতে পারে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ভায়েরহাট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে পৌঁছে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আখতার হোসেন প্রশাসনকে আহ্বান জানিয়ে বলেন, “আজকের দিনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করুন। আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করেন তাহলে জনগণ আপনাদের পাশে থাকবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অনিয়ম হলে তা জনগণের আস্থা নষ্ট করবে।”
এই ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে বলে জানা গেছে। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সব ধরনের সম্ভাব্য অনিয়ম রোধে প্রশাসনের সতর্কতা ও কার্যক্রমকে আরও জোরদার করার আহ্বান জানান আখতার হোসেন।
-এমইউএম








