ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যশোরের ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
যশোর শহরতলীর খোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। জেলার বিভিন্ন কেন্দ্রেও নারী-পুরুষ, তরুণ ও বয়োজ্যেষ্ঠ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা।
খোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ভিপি আব্দুল কাদের মিয়া ভোট প্রদান করেন। তিনি বলেন, “অনেক দিন পর এমন শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে বলে আশা করছি। নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ।”
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা আশেক হাসান জানান, ছয়টি সংসদীয় আসনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপির মোট ১৪ হাজার ৬২ জন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
-এমইউএম










