রাজধানীতে ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’-এর উদ্বোধন করলেন তারেক রহমান

বুধবার (১১ফেব্রুয়ারি) বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর আয়োজিত “ফ্রি অ্যানিমেল ক্লিনিক” এর এক অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিএনপি চেয়ারম্যান ও সংগঠনের পৃষ্ঠপোষক তারেক রহমান বেশ কিছু গুরুত্বপুর্ণ মন্তব্য করেন। তিনি মূলত প্রাণী অধিকার, বাস্তুতন্ত্র ও মানবিক সমাজ নির্মাণের ওপর জোর দেন।

তারেক রহমান বলেন, প্রাণী অধিকার শুধুই মানবিক দায়িত্ব নয়, এটি জীববৈচিত্র্য সংরক্ষণ, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং মানবজাতির সুস্থ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্যও অত্যাবশ্যক। তিনি বলেন, প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করাই মানবিক ও সভ্য সমাজের পরিচায়ক।

তিনি মন্তব্য করেন যে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্র জরুরি, ঠিক তেমনি প্রাণী ও বন্যপ্রাণীর অধিকার সুরক্ষার জন্য বাস্তুতন্ত্র রক্ষা জরুরি। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে জীববৈচিত্র্যের অধিকারে উন্নতি আসবে।

তারেক রহমান বলেন, বাংলাদেশে বহু প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে আছে। উদাহরণ হিসেবে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার ও হাতির সংখ্যা উল্লেখ করে তিনি জীববৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান প্রাণী কল্যাণ আইনসহ পরিবেশ, বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য থাকা বিভিন্ন আইনগুলো সময়োপযোগী করার প্রয়োজন আছে এবং বিএনপি ক্ষমতায় এলে এসব আইন শক্তিশালী করা হবে।

তা‌রেক রহমান জনসাধারণের সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণীর নিরাপত্তা আইন বা বিধি থেকে বেশি মানুষের সচেতনতার ওপর নির্ভর করে। অসহিষ্ণুতা কাটিয়ে মনুষ্যত্ব অর্জন এবং নিষ্ঠুরতা বর্জনের আহ্বান জানান।

-মেহরিন হাসান খান