ভারতে আ. লীগের নেতা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন

জুলাই অভ্যুত্থানের পর ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে।

২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই শয্যাশায়ী ছিলেন কাদের। কলকাতার নিউ টাউনের বাড়িতে চলছিল অক্সিজেন সহায়তা।

পলাতক নেতার বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রায় অচেতন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরই তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, তবে তার অবস্থা এখনও বেশ সংকটজনক।

– এমইউএম/