দলীয় আনুগত্যের শপথ ভঙ্গ করে বিশ্বাসঘাতকতার অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর যুবদলের আহ্বায়ক মো. ইব্রাহিম খলিলকে প্রাথমিক সদস্যসহ সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাহিদ পারভেজকে ঘোড়াঘাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারাদেশ ও দায়িত্ব প্রদান কার্যকর করা হয়।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সাহিদ পারভেজ সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্রের এই পদক্ষেপে ঘোড়াঘাট পৌর যুবদলের সাংগঠনিক শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।
-সাকিব হাসান নাইম, ঘোড়াঘাট (দিনাজপুর)










