টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচ শুরুর আগের দিন বড় ধাক্কা খেল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দলের ব্যাটার মোহাম্মদ জোহাইবকে দেশে ফেরত পাঠিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
সোমবার এক বিবৃতিতে বোর্ড জানায়, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে দেওয়া হবে।
চেন্নাইয়ে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ইউএই। ২০২২ সালের পর এটি তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের এক শীর্ষ সারির ব্যাটারের বিদায় ইউএই শিবিরে বাড়তি চাপ তৈরি করেছে। বিশেষ করে সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে ইতালির বিপক্ষে মাত্র ৮১ রানে অলআউট হয়েছিল দলটি।
প্রস্তুতি ম্যাচে নেপালের বিপক্ষে তিন নম্বরে নেমে ২৬ বলে ১৯ রান করেন জোহাইব। তবে ওপেনিং জুটি হিসেবে ২১ বছর বয়সী আরিয়ানশ শর্মা ও অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমকে নিয়েই আগেই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
জোহাইবের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয় ২০২৫ সালের মে মাসে। এখন পর্যন্ত ১৬টি ম্যাচে তিনি করেছেন ৩০৩ রান—গড় ২০.২০ ও স্ট্রাইক রেট ১০৩.৭৬।
নিউজিল্যান্ড ম্যাচের আগে ওয়াসিমের বক্তব্য। দলের প্রস্তুতি ও ঐক্য নিয়ে কথা বলেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৩ সালে দুবাইয়ে এক টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ইউএই।
ওয়াসিম বলেন, “আমাদের কৌশল খুবই সহজ। আমরা আগে তাদের হারিয়েছি, তবে এবার ভেন্যু ভিন্ন, টুর্নামেন্ট ভিন্ন, মাঠ ভিন্ন, ম্যাচও ভিন্ন। তাই আমরা নতুন পরিকল্পনা নিয়ে এসেছি। তারা অবশ্যই ভালো দল এবং অভিজ্ঞও। কিন্তু আমরাও ভালোভাবে কাজ করেছি, নিজেদের চ্যাম্পিয়ন দলের মতো করে প্রস্তুত করেছি। কাল আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।”
দলে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় থাকার বিষয়ে তিনি বলেন, “আমাদের দলে ভারত-পাকিস্তান বলে কিছু নেই। আমরা সবাই ইউএইয়ের জন্য খেলি। আমরা নিজেদের একটি পরিবারের মতোই দেখি—একসঙ্গে থাকি, একসঙ্গে খাই, একসঙ্গে সময় কাটাই। সত্যি বলতে ইউএই দলে কোনো ভারতীয়-পাকিস্তানি বিভাজন নেই।”
-এমইউএম










