লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও খেলতে চান জোকোভিচ

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে ৩৮ বছর বয়সী এই গ্র্যান্ড স্ল্যাম কিংবদন্তি ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকলেও ভবিষ্যতে অলিম্পিকে খেলার পরিকল্পনা নিয়েই আগ্রহী।

জোকোভিচ সম্প্রতি ফিটনেসজনিত নানা সমস্যার মুখোমুখি হলেও ২০২৪ প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন। অলিম্পিকের ফাইনালে তিনি তরুণ তারকা কার্লোস আলকারাজকে পরাজিত করেন।

২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ বলেছেন, ২০২৮ সালের ১৪ জুলাই শুরু হওয়া লস অ্যাঞ্জেলস অলিম্পিকে তিনি সার্বিয়ার প্রতিনিধিত্ব করতে চান। তখন তার বয়স হবে ৪১ বছর। তবুও তিনি নিজের অলিম্পিক শিরোপা ধরে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন।

স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে জোকোভিচ বলেন, “হ্যাঁ, এটা অনেক দূরের বিষয়। আমার জীবনের ও ক্যারিয়ারের এই পর্যায়ে এটা বেশ দূরের লক্ষ্য, কিন্তু স্পষ্টভাবে সেখানে পৌঁছানোর আকাঙ্ক্ষা আমার আছে।”

জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে ইয়ানিক সিনারকে হারিয়ে আবারও প্রমাণ করেছেন যে তার মধ্যে লড়াই করার শক্তি এখনও আছে। যদিও ফাইনালে তিনি এক নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজের কাছে পরাজিত হন।

ফাইনালে হারের পর জোকোভিচ জানান, ২০২৮ অলিম্পিকে সেরা অবস্থায় পৌঁছাতে তিনি নিজের ম্যাচসূচি কমিয়ে আনতে পারেন। তিনি বলেন, “আগামীকাল কী হবে তা ঈশ্বরই জানেন, ছয় বা বারো মাস পরের কথা তো বাদই দিলাম। এটা দারুণ এক যাত্রা ছিল, আমি তোমাদের সবাইকে ভালোবাসি।”

তিনি আরও যোগ করেন, “এই কারণেই বিষয়টা খোলা রেখেছি। সত্যি বলতে কী, আমি জানি না। তোমরা আমাকে বহু বছর ধরে অনুসরণ করছ, আমি ভান করি না বা মিথ্যে বলি না। গত এক বা দেড় বছর ধরেই বলছি, সামনে কি থাকবে, তা নিয়ে আমি নিশ্চিত নই। আমি বলেছি, ২০২৮ অলিম্পিক পর্যন্ত খেলতে চাই। কিন্তু তার মানে হতে পারে বছরে একটি টুর্নামেন্ট খেলা, বা ১০টা, ১৫টা, দুইটা কিংবা সাতটা—সত্যি বলতে আমি জানি না। আমি এত আগেভাগে আমার সূচি বা ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চাই না। এখন আমার একমাত্র ইচ্ছা হলো পরিবারের সঙ্গে সময় কাটানো, তারপর দেখা যাবে সামনে কি আসে।”

-এমইউএম