নেত্রকোনায় নির্বাচনী সহিংসতা: চার ভোটকেন্দ্রসহ পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

নেত্রকোনায় আসন্ন নির্বাচনকে ঘিরে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে চারটি ভোটকেন্দ্রসহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ভোটকেন্দ্রের বুথ কক্ষে থাকা বেঞ্চ, সিলিং ফ্যান ও বৈদ্যুতিক লাইট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার সদর ও পূর্বধলা উপজেলায় এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রগুলো হলো সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এছাড়া সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া উচ্চ বিদ্যালয়েও আগুন দেওয়া হয়। তবে বিদ্যালয়টি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন।

ভোট সংশ্লিষ্টদের ধারণা, আসন্ন নির্বাচনের আগে ভোটারদের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এসব অগ্নিসংযোগ করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে দুর্বৃত্তরা বুথ কক্ষে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতিটি ভোটকেন্দ্রের বুথ কক্ষের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন দেওয়া হয়েছে।

নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

মহসিন মিয়া, নেত্রকোনা