আগামী দিনে দল-মত, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে এবং দেশে ইসলামী মূল্যবোধের স্থিতিশীলতা বজায় রাখতে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষে আস্থা রাখছেন বিভিন্ন ঘরানার আলেমরা।
মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম।
বিবৃতিতে তিনি বলেন, ২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর অনলাইন-অফলাইনে জামায়াত-শিবিরের উগ্রতা এবং জাতীয় নেতৃবৃন্দ, দেশের সর্বজনশ্রদ্ধেয় শীর্ষ আলেমদের বিরুদ্ধে মারাত্মক বিষোদগার ও নেগেটিভ মন্তব্য করে আসছে। এ ছাড়া জামায়াত সাধারণ জনগণের কাছে নিজেদের ইসলামী শক্তি হিসেবে উপস্থাপন করলেও রাষ্ট্রীয় এবং কূটনৈতিক ও আন্তর্জাতিক পরিসরে নিজেদের সেক্যুলার হিসেবে দাবি করছে। এ জন্য জামায়াত জোটের প্রার্থীদের ভোট না দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীষকে সমর্থন জানান বিভিন্ন ঘরানার আলেমরা।
তারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বানও জানিয়েছেন।
তিনি আরো বলেন, যারা বিএনপি ও ধানের শীষকে সমর্থন করেছেন তাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, বেফাক ও হাইয়্যার চেয়ারম্যান আল্লামা শায়েখ মাহমুদুল হাসান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ফুলতলী দরবার, ছারছিনার দরবার, মাইজভান্ডার দরবার, জৈনপুরের দরবারে পীর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী, ঢালকানগর পীর সাহেব শায়েখ আব্দুল মতিন ও মুফতি জাফর আহমদ, মুফতি মনসুরুল হক, মাওলানা শওকত হোসেন সরকার, ইসলামী ঐক্যজোট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দুই অংশ।
-সাইমুন










