পঞ্চগড়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় এই সংঘর্ষ হয়।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, রমজানপাড়া এলাকায় জামায়াতের ‘শাপলা কলি’ শোডাউন চলাকালে সড়কের ওপর টানানো বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের ধানের শীষের একটি নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এ নিয়ে বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলামসহ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে চারজনকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে ১১ দলীয় জোট ও জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারী উপজেলা থেকে একটি জনসভা শেষে শোডাউন করে ফেরার পথে বিএনপি নেতাকর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে তাদের গতিরোধ করে এবং হামলা চালায়। এতে একজন নারীসহ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দুজনকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পরপরই ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জড়িতদের দ্রুত আটকের দাবি জানান।

এদিকে রাতে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি আহত নেতাকর্মীদের দেখতে যান পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। তিনি বলেন, নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানানো হয়েছে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন এবং তারা চিকিৎসাধীন। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে।

উল্লেখ্য, এর আগে পঞ্চগড়-২ আসনের বোদা উপজেলার পাঁচপীর এলাকায় বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভার মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয় এবং এতে কয়েকজন আহত হন।

-আব্দুল্লাহ আল মামুন, পঞ্চগড়