যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে দলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাঈদ। তিনি জানান, গত রোববার রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর পৌর শহরের সাবদিয়া এলাকার বাসভবনে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। সাধারণ ভোটারদের ভয় দেখানো এবং একজন জনপ্রিয় প্রার্থীকে দমিয়ে রাখার জন্য এই ধরনের সন্ত্রাসী কৌশল গ্রহণ করা হয়েছে বলে আমরা মনে করি।
এদিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে দুই জামায়াত কর্মীর বাড়িতেও কে বা কারা ককটেল হামলা চালিয়েছে। গতকাল ভোরে উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের চর জিংকি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, জামায়াত কর্মীদের ভোট দিতে না যেতে এবং ভয়ভীতি দেখাতেই একটি মহল এই ঘটনা ঘটিয়েছে। জামায়াতের প্রচারণা কেন্দ্রে অগ্নিসংযোগের অভিযোগ
সিরাজগঞ্জ-১ আসনের বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজারে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী প্রচারণা কেন্দ্রে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। স্থানীয় জামায়াত কর্মীদের অভিযোগ, গত রোববার রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা প্রচারণা কেন্দ্রে আগুন দেয়। এতে কেন্দ্রে থাকা ব্যানার ও পোস্টার পুড়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতেই এবং পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার জন্য ওই আসনের জামায়াত প্রার্থী মাওলানা মো. শাহিনুর আলম প্রতিপক্ষ বিএনপিকে দায়ী করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলার ছয়টি আসনে দলের প্রার্থীদের প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত জেনে জামায়াত নিজেরাই আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
বরগুনার সাবেক এমপি হিরুর ওপর হামলা
বরগুনা-২ আসনে ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সারওয়ার হিরুর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুর ৩টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তার বাসার সামনে এ ঘটনা ঘটে বলে জানান পাথরঘাটা থানার এসআই জাহাঙ্গীর হোসেন।
আহত গোলাম সারওয়ার হিরু বলেন, আমি পাথরঘাটা বাজারে যাওয়ার সময় তিন থেকে চারজন লোক এসে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়। এতে আমার শরীরের বিভিন্ন অংশ জখম হয়। নিরাপত্তার স্বার্থে বাসায় চিকিৎসক ডেকে নিয়ে সেবা নিচ্ছি। এসআই জাহাঙ্গীর হোসেন জানান, নৌবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাউজানে ইসলামী ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন
চট্টগ্রামের রাউজানে সুন্নি ঐক্যজোটের ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী ইলিয়াস নুরীর নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে অজ্ঞাতরা। গতকাল ভোরে উপজেলার বাগোয়ান ইউনিয়নের খেলারঘাট বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও থানায় লিখিত অভিযোগ করেছেন প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আমান উল্লাহ।
-সাইমুন










