ইউরেনিয়ামের মজুত ৬০ শতাংশ কমাতে রাজি ইরান?

যুক্তরাষ্ট্র সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে নিজেদের মজুতকৃত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম হ্রাস করতে প্রস্তুত বলে জানিয়েছে ইরান। সোমবার ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু হওয়ার পর দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি এই প্রস্তুতির কথা জানান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইউরেনিয়াম লঘুকরণের এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে বিনিময়ে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কি না তার ওপর। তবে এই নিষেধাজ্ঞা কি কেবল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নাকি আন্তর্জাতিক সব নিষেধাজ্ঞা, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার ধারাবাহিকতায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি মঙ্গলবার ওমান সফরে যাচ্ছেন। সেখানে তিনি ওমানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুসহ দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে জানা গেছে।

মূলত ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই সংবেদনশীল আলোচনা নতুন করে গতি পাচ্ছে। ইউরেনিয়াম লঘুকরণ প্রক্রিয়ায় সাধারণত উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের সাথে অন্য উপাদান মিশিয়ে এর তেজস্ক্রিয়তা কমিয়ে আনা হয়, যাতে সেটি একটি নির্দিষ্ট মাত্রার নিচে থাকে। আন্তর্জাতিক মহলে ইরানের এই প্রস্তাবকে বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে।

-সাইমুন