ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি জনপদের ভোটকেন্দ্রগুলোতে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভোট জালিয়াতির সুযোগ না থাকে সে লক্ষ্যেই খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী পরিচালনা করেছে সতর্কতামূলক নির্বাচনী মহড়া।
সোমবার সকালে দীঘিনালা জোনের উদ্যোগে রসিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মহড়ায় নির্বাচনকালীন সম্ভাব্য সংকট পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরা হয়। মহড়ার মাধ্যমে দেখানো হয়, সহিংসতা, কেন্দ্র দখল কিংবা ভোটে অনিয়মের চেষ্টা হলে সেনাবাহিনী কীভাবে দ্রুত ও পরিকল্পিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবে।
মহড়াটি সরেজমিনে পরিদর্শন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর পেশাদার প্রস্তুতি অপরিহার্য, আর এই মহড়া তারই একটি বাস্তব উদাহরণ।
মহড়ায় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি এবং উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি। এছাড়া মেজর মো. তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি মহড়ার কার্যক্রম তদারকি করেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা, ভোটারদের নিরাপদ চলাচল এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে। প্রয়োজন অনুযায়ী দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েনের প্রস্তুতিও সম্পন্ন রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের মহড়া তাদের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি তৈরি করেছে। তাদের মতে, সেনাবাহিনীর দৃশ্যমান প্রস্তুতি নির্বাচনকে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে ইতিবাচক প্রভাব ফেলবে।
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা, খাগড়াছড়ি










