মাটিরাঙ্গায় অবৈধ পাহাড় কাটায় এক লক্ষ টাকা জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে পাহাড় কর্তনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি ২০২৬) মাটিরাঙ্গা ইউনিয়নের ওয়াছু নামক এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে পাহাড় কেটে মাটি উত্তোলনের কার্যক্রম চলছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রুবেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। প্রমাণ পাওয়ায় তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(খ) ধারায় দোষী সাব্যস্ত করে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান। এ সময় তিনি বলেন, “পার্বত্য এলাকায় পাহাড় কর্তন শুধু পরিবেশের জন্য নয়, মানুষের জীবন ও সম্পদের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের এ ধরনের কঠোর উদ্যোগ পার্বত্য অঞ্চলে পাহাড় ধ্বংস রোধে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। স্থানীয় পরিবেশবাদীরাও এ অভিযানকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি