ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন ও গণভোটে ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে ঢাকায় কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশসহ প্রতিটি কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও থাকবে।
তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে ডিএমপির ২৫ হাজার পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবে স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড।
ডিএমপি কমিশনার বলেন, নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং উদ্বেগের কোনো কারণ নেই।
এবারের নির্বাচনে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না বলেও দৃঢ় অবস্থান ব্যক্ত করেন তিনি। তার ভাষ্য, অতীতের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এবার পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং একটি দৃষ্টান্ত স্থাপন করবে।
ভোট কারচুপির কোনো সুযোগ থাকবে না উল্লেখ করে তিনি আরও জানান, ভোটগ্রহণের দিন গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
-এমইউএম










