সন্দ্বীপে ধানের শীষের পোলিং এজেন্টদের প্রশিক্ষণের আয়োজন করেছেন মোস্তফা কামাল পাশা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক তিনবারের সংসদ সদস্য জনাব মোস্তফা কামাল পাশা। যিনি চট্টগ্রামের ১৬টি আসনের সব প্রার্থীর মধ্যে সবচেয়ে সিনিয়র হিসেবে বিবেচিত।

এই সংসদীয় আসনে সন্দ্বীপ উপজেলার মূল ভূখণ্ডের পাশাপাশি বিচ্ছিন্ন উড়িরচর ইউনিয়নসহ মোট ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা অন্তর্ভুক্ত রয়েছে। পুরো আসনে মোট ৮৩টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ৬১টি। সব মিলিয়ে মোট ভোটকক্ষের সংখ্যা ৪৯০টি।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সন্দ্বীপে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৪৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজার ৭২৭ জন, মহিলা ভোটার ১ লাখ ২৫ হাজার ৭৫৪ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন। বিএনপি সূত্রে জানানো হয়, ৮৩টি ভোটকেন্দ্রের ৪৯০টি ভোটকক্ষের জন্য দলীয়ভাবে পুরুষ ও মহিলা পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হবে।

এ উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রার্থী জনাব মোস্তফা কামাল পাশা নির্বাচনী এজেন্ট ও নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সবাইকে ইসির নিয়মকানুন ও নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে আচরণবিধি ভালোভাবে পড়াশোনা করার ওপর গুরুত্বারোপ করেন। কেউ যেন কোন ষড়যন্ত্র করেও পার পেতে না পারে সেজন্য সজাগ থাকতে বলেন। সবশেষে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকৃত ও সঠিক ফলাফল নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।

প্রার্থীর নিজ বাসভবনে সকাল ১০ টা থেকে উক্ত প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করেন প্রভাষক কাজী দেলোয়ার হোসেন সাঈদ ও মাষ্টার জুয়েল। যারা ইতিমধ্যে কেন্দ্রীয়ভাবে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। এ প্রশিক্ষণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও উত্তর সন্দ্বীপ ডিগ্রী কলেজের প্রভাষক নিঝুম খান।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপে ধানের শীষের প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, নির্বাচনী চিফ এজেন্ট ও উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুরসহ বিএনপির বিভিন্ন স্তরের ও পদের নেতাকর্মীরা।

আবু সাঈদ খান, সন্দ্বীপ