শেরপুরে নির্বাচন ও গণভোট ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করলেন রেঞ্জ ডিআইজি

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তিনি নকলা থানায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম।

এরপর নকলা থানা চত্বরে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ডিআইজি মহোদয়। সভায় জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা হয়। তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং ডিউটির সময় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

পরবর্তীতে ডিআইজি মহোদয় শেরপুর সদর ও নকলা উপজেলার ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি কাভারেজ এবং ভোটারদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) জনাব মোঃ পারভেজ আলম, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, নকলা থানার অফিসার ইনচার্জ জনাব রিপন চন্দ্র গোপসহ শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

-মোঃ মাকসুদুর রহমান, শেরপুর