জমি অধিগ্রহনের টাকা নিয়ে বিরোধের জেরধরে সজল সরদার (৪০) নামের এক পান আড়তের শ্রমিককে হত্যার জন্য কুপিয়ে মারাত্মক জখম করেছে আপন ভাতিজা।
এ ঘটনায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী পৌরসভার ১নম্বর ওয়ার্ড সুন্দরদী গ্রামে।
আহত সজলের ভায়রা অলিউল ইসলাম অভিযোগ করে বলেন, জমি অধিগ্রহনের প্রায় ২৭ লাখ টাকা আমার ভায়রা সজলকে ঠকিয়ে তার আপন ভাই ফিরোজ সরদার আত্মসাত করেন। ওই টাকার ভাগবাটোয়ারা নিয়ে সজলের সাথে তার আপন ভাই ফিরোজের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
তিনি আরও জানান, পূর্ব বিরোধের জেরধরে বুধবার দুপুরে ঘুমন্ত অবস্থায় সজলের বসতঘরে ঢুকে তাকে হত্যার জন্য এলোপাথারিভাবে কুপিয়ে মারাত্মক জখম করে ফিরোজের ছেলে রাসেল সরদার ও তার মা লাকি বেগম। এসময় সজলের চিৎকারে তার স্ত্রী এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে মুমূর্ষ অবস্থায় সজলকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রাসেল সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া যায়নি।
তবে লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মনির হোসেন, বরিশাল










