নেত্রকোণা-৩: কেন্দুয়ায় ধানের শীষ ও ঘোড়া সমর্থকদের সংঘর্ষে ৭ জন আহত

ছবি: আলোকিত স্বদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের কেন্দুয়ায় ধানের শীষ ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের সমর্থকদের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার বেলা পৌনে একটার দিকে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেহেদী মাকসুদ এই তথ্য নিশ্চিত করেন।

ঘটনাটি মঙ্গলবার রাতে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারাউন্দ গ্রামে ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো দুইজন হলেন গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম এবং ইউনিয়ন কৃষক দলের সদস্য মোনতাজ মিয়া। দুইজনের বাড়ি একই ইউনিয়নের দেওপাড়া গ্রামে এবং তারা উভয়েই বিএনপির ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থক।

স্থানীয়রা জানান, গারাউন্দ ও দেওপাড়া গ্রাম একে অপরের পাশে অবস্থিত। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দুই গ্রামের মানুষ রাতে নির্বাচন নিয়ে আলোচনা করতেন। এর মধ্যেই মঙ্গলবার দিবাগত রাতে যুবদল নেতা আব্দুল হালিম ও ঘোড়া প্রতীকের অনুসারি গারাউন্দ গ্রামের বাসিন্দা আলমগীর মিয়ার মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে সেই বাকবিতণ্ডা তর্কে বদলে গিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বাকিরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেহেদী মাকসুদ বলেন, “ধানের শীষ ও ঘোড়া প্রতীকের সমর্থকদের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া সেনা সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। থানায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি, তবে আহতদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হতে পারে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

-এমইউএম