নির্বাচনী প্রচারণায় ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, রাজপথের উত্তাপ ততই বাড়ছে। গত কয়েক সপ্তাহ ধরে টেকনাফ থেকে তেঁতুলিয়া চষে বেড়ানোর পর রবিবার (৮ ফেব্রুয়ারি) নিজ শহর ঢাকায় নির্বাচনী প্রচারণা দিতে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশব্যাপী ঝটিকা সফর শেষ করে রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশনের ৬টি সংসদীয় আসনে দিনব্যাপী জনসভা করবেন তিনি।

গত কয়েক দিন ধরে তারেক রহমান দেশের বিভিন্ন প্রান্তের জনসভাগুলোতে ব্যাপক জনসমাগম ঘটিয়ে নির্বাচনি গণজোয়ার সৃষ্টি করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালেও তিনি ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। সারাদেশের সেই সফল সফর শেষে রবিবার (৮ ফেব্রুয়ারি ও শনিবার (৭ ফেব্রুয়ারি)- এই দুই দিনে তিনি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মোট ১৪টি স্থানে বক্তব্য রাখবেন। যার মাধ্যমে শেষ হবে তার এবারের বর্ণাঢ্য নির্বাচনী প্রচারণা

শনিবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের উপদেষ্টা ও কমিটির মুখপাত্র মাহদী আমিন এই কর্মসূচি ঘোষণা করেন। সেসময় তিনি আরো বলেন, রবিবার (৮ ফেব্রুয়ারি) এই ঝটিকা জনসভা শুরু হবে তারেক রহমানের নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) থেকে। এর মাধ্যমে তিনি স্থানীয় ভোটারদের কাছে নিজের শেষ আবেদনটি পৌঁছে দেবেন। জনসভার পূর্ণাঙ্গ সময়সূচি:

  • দুপুর ২:০০ (ঢাকা-১৭): ইসিবি চত্বর থেকে দিনব্যাপী কর্মসূচির সূচনা।

  • দুপুর ২:৪০ (ঢাকা-১৬): পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ (মেট্রো স্টেশনের পাশে)।

  • বিকাল ৩:৩০ (ঢাকা-১৫): মিরপুর-১০ গোলচত্বরের সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠ।

  • বিকাল ৪:২০ (ঢাকা-১৪): মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেট।

  • বিকাল ৫:১০ (ঢাকা-১৩): শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশের শ্যামলী ক্লাব মাঠ।

  • সন্ধ্যা ৬:০০ (ঢাকা-১১): বাড্ডার সাঁতারকুলস্থ সানভ্যালি মাঠে জনসভার মধ্য দিয়ে আজকের দিনের সমাপ্তি ঘটবে।

বিএনপি সূত্রে জানা গেছে, এই জনসভাগুলোতে তারেক রহমান শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঘোষিত দলের ৫১ দফার ‘নির্বাচনী ইশতেহার’ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। বিশেষ করে দরিদ্রদের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার যে রূপরেখা তিনি দিয়েছেন, তা সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন।

আজকের এই ম্যারাথন জনসভাকে কেন্দ্র করে মিরপুর, বাড্ডা ও শ্যামলী এলাকায় দুপুর থেকেই নেতাকর্মীদের ঢল নামতে শুরু করেছে। কাল সোমবার ঢাকা মহানগর দক্ষিণের আরও ৮টি আসনে জনসভার মধ্য দিয়ে ঢাকার নির্বাচনী আমেজ চূড়ান্ত রূপ নেবে।

-লামিয়া আক্তার